ইউরোপের সর্ববৃহৎ ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) খরচ কমাতে বিশ্বব্যাপী প্রায় ২৫ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। ছাটাইয়ের ফলে ব্যাংকটিতে বর্তমানে দুই লাখ ৬৬ হাজার কর্মীর মধ্যে ১০ শতাংশ কর্মী কাজ হারাবেন। খবর- বিবিসির।
শুধুমাত্র যুক্তরাজ্য থেকেই প্রায় আট হাজার কর্মী তাদের চাকরি হারাবেন। এই বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই সম্পর্কে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট গ্যালিভার বলেন, 'স্বাভাবিক নিয়মেই' ছাঁটাইয়ের কাজটি করা হবে।
শুধুমাত্র যুক্তরাজ্যেই ব্যাংকটির ইনভেস্টমেন্ট ও রিটেইল ব্যাংকিং—এই দুই বিভাগে প্রায় ৪৮ হাজার কর্মী আছে। দেশটির 'হাই স্ট্রিটে' শাখাগুলোর নতুনভাবে ব্র্যান্ডিং করার পরিকল্পনা নিয়েছে ব্যাংকটি। তবে তার জন্য এখনো নতুন নাম ঠিক করা হয়নি।
