পুঁজিবাজারে দিনভর সূচকের ওঠানামা

আপডেট : ০৯ জুন ২০১৫, ২১:৫১
 
মঙ্গলবার পঁজিবাজারে দিনভর সূচকের ওঠানামার পর দিনশেষে কমেছে। সূচক কমার পাশাপাশি লেনদেনও নেমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে পাঁচশ’ কোটি টাকারও কম। এদিকে টানা ছয় কর্মদিবস লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারদর বাড়ার পর কিছুটা কমেছে। শেয়ারটি দর হারানোর শীর্ষ দশ কোম্পানির মধ্যে চলে আসে।
 
তথ্যে দেখা গেছে,  ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮৬ কোটি ৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ২৭ লাখ টাকা কম। 
 
লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৫ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি টাকা কম। 
 
লেনদেনকৃত ২৩৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
 
এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। 
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। 
 
কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে। 
 
২০১৪ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৩৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) ১৯ টাকা ৬০ পয়সা ।