নাম বদলে গেল পুটিমারী ছিটমহলের

আপডেট : ১০ জুন ২০১৫, ০০:২০

ছিটমহল বিনিময়ের তারিখ চুড়ান্ত হওয়ার পরই বদলে যেতে শুরু করেছে ছিটমহলের নামও। পঞ্চগড়ের বোদা উপজেলার অভ্যন্তরে জেম জুট মিল সংলগ্ন পুটিমারী ছিটমহলের নতুন নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নগর।

 
গতকাল সোমবার মুক্তিযুদ্ধের ৬-ক সেক্টরের বেসামরিক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মরহুম সিরাজুল ইসলামের নামে ছিটমহলের নতুন নাম ফলক উম্মোচন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
 

এর আগে জেম জুট মিল সংলগ্ন এলাকায় পুটিমারী ছিটমহলের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছিটমহল বিনিময় আন্দোলনে সহায়তা করার জন্য পুটিমারী ছিটবাসীদের পক্ষ থেকে নুরুল ইসলাম সুজন এমপি ও আনোয়ার সাদাত সম্রাটকে সম্মাননা প্রদান করা হয়।