আ জ ম নাছিরের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলায় আদালতে যাননি সাক্ষী

আপডেট : ১০ জুন ২০১৫, ০০:২৬

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার বিচারাধীন একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি এক চিকিত্সক। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদার আদালতে প্রদীপ চক্রবর্তী নামে এক চিকিত্সকের সাক্ষ্য দেয়ার কথা ছিল। এই চিকিত্সক হামলায় আহত মামলার বাদীকে চিকিত্সা দিয়েছিলেন। আদালত এই চিকিত্সককে আজ বুধবার হাজির হওয়ার জন্য পুনরায় সমন ইস্যু করেছেন। 

 

১৯৯৩ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘি ময়দানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মারামারির ঘটনায় তত্কালীন ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকী তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলায় আসামি হিসাবে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ.জ.ম নাছির ছাড়াও আছেন ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, চসিকের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ সাতজন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।