বিএনপি এখন ভারতের দালালি করার জন্য মরিয়া :সেতুমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০১৫, ০০:২৯

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ৩৭ বছরের রাজনীতি ভুলে ভরা। তারা এক সময় আমাদের ভারতের দালাল বলেছে। আর এখন ভারতের দালালি করার জন্য এবং দালালের সনদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

 
তিনি গতকাল দুপুরে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে ২০১৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী ছাত্র-ছাত্রী ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে পরিবহন চুক্তি স্বাক্ষরিত হবে। এ চুক্তি সম্পন্ন হলে ৪টি দেশের মধ্যে সংযোগ স্থাপিত হবে। পর্যটনেও নয়াদিগন্ত উন্মোচিত হবে। 
 

পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের মিন্টু, মাকসুদা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা আখতার খানম প্রমুখ।