পোকামাকড়ের স্মৃতিসৌধ

আপডেট : ১০ জুন ২০১৫, ০১:১৬

জাপানে মানুষের হাতে অকালমৃত্যুর শিকার হওয়া পোকামাকড়ের জন্য একটি নতুন স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। স্মৃতিসৌধটিতে আছে একটি বিরাট আকারের পোকার মূর্তি এবং তার চারদিকে রয়েছে তাদের জালের বেষ্টনি। টোকিওর দক্ষিণে কামাকুরা শহরে কেনচোজি মন্দিরে এই স্মৃতিসৌধ স্থাপিত হয়েছে।

 

এই অভিনব ভাবনাটি প্রথম আসে প্রাণী বিশেষজ্ঞ তাকেশি ইয়োরার মাথায়। তিনি বহু বছর ধরেই কীটপতঙ্গ প্রেমী। তার আশা তিনি যে পোকামাকড়গুলো সংগ্রহ করেছেন তাদের আত্মা এই স্থাপনার মধ্যে দিয়ে শান্তি পাবে। গত বৃহস্পতিবার এই স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ জন অতিথির সমাগম হয়। অনুষ্ঠানে একজন বৌদ্ধ পুরোহিত ধর্মীয় শ্লোক পাঠ করেন। এ ধরনের স্মৃতিসৌধের কথা সচরাচর শোনা যায় না ঠিকই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে সিটি অব এন্টারপ্রাইজে একই ধরনের একটি স্মৃতিস্তম্ভ আছে। তাতে দেখা যায়, একজন মহিলা একটি অতিকায় পতঙ্গ দুই হাতে তুলে ধরে আছেন। শহরটির ওয়েবসাইটে দাবি করা হয়, এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র স্মৃতিসৌধ; যার বিষয় ক্ষেতের ফসল খায় এমন পোকামাকড়। -বিবিসি