ওয়ানডেতে যেকোনো দলের সামনেই যে ভারত প্রবল পরাক্রমশালী এক প্রতিপক্ষ, সেটা আবারো প্রমাণিত হলো। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক ভারত। বোলারদের নৈপুণ্যের পর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-কেদার যাদবের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘বোলাররা দারুণ বল করেছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বড় জুটি গড়তে দেয়নি সামি-বুমরাহ-কুলদীপ-জাদেজা। তাই আমাদের সামনে সহজ টার্গেট দাঁড়ায়। কিন্তু ব্যাটিং-এর শুরুতে আমরা ভালোভাবে জবাব দিতে পারিনি। ৯৯ রানের মধ্যে টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যানের ফিরে যাওয়াটা বড় ধরনের ধাক্কাই ছিলো। তাতে ছোট টার্গেট কঠিন হয়ে যায়। কিন্তু পঞ্চম উইকেটে ঠাণ্ডা মাথায় ব্যাট করেছেন ধোনি-কেদার। পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত ম্যাচটি বের করে আনেন। দু’জনের ব্যাটিং ছিলো দুর্দান্ত।’
