চাঁদপুরের ফরিদগঞ্জে দুপুরের খাবার খেয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অসুস্থতার কারণ হিসেবে খাবারে বিষক্রিয়া বলে চিকিৎসকরা জানিয়েছেন। অসুস্থদের সবাই নারী ও শিশু।
মঙ্গলবার চরপোঁয়া গ্রামের গাজীবাড়ী এলাকায় রাসেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, রাত ১০টার দিকে ওই দশজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে তার হাসপাতালে নিয়ে আসা হয়।
খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্যালাইন দেয়া হয়েছে। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠাতে হবে।
গৃহকর্তা রাসেল হোসেন জানান, তার বৃদ্ধা মা অসুস্থ। অনেকেই দেখতে আসেন। মঙ্গলবার তার বোন ও তাদের সন্তানরাও বেড়াতে এসেছিলেন। তাই দুপুরে ‘একটু বেশি’ খাবারের আয়োজন করা হয়েছিল।
তিনি জানান, দুপুরে ভাত, মুরগির মাংসের সঙ্গে শসা, ডাল ও দই খাওয়া হয়েছিল। খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাড়ির লোকজন বমি করতে শুরু করে। পরে সন্ধ্যার দিকে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়।
