মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান করেছে বাংলাদেশ। তারপরও হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৫২ রানে হেরে গেছে। গতকাল ম্যাচের চতুর্থ দিনের বিকালে এমন হারের মাঝেও বুক চিতিয়ে লড়াইয়ের স্বস্তি যোগ হয়েছে বাংলাদেশ শিবিরে। বিরুদ্ধ কন্ডিশনে কিউই পেসারদের ক্রমাগত শর্ট বল, বাউন্সারকে পাল্টা আক্রমণের চেষ্টায় সফল হয়েছেন সৌম্য-মাহমুদউল্লাহরা।
বাংলাদেশের ২৩৪ রানের জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৭১৫ রানের পর্বতসম স্কোর গড়েছিল। কার্যত তখনই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, প্রথম ইনিংসের স্কোরটা পিছিয়ে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ের পর প্রথম ইনিংসের ছোট স্কোরটাই আক্ষেপ তৈরি করেছে সুজনের মনে।
তার মতে, টেস্ট ম্যাচে প্রথম ইনিংস অনেক গুরুত্বপূর্ণ। গতকাল মিরপুর স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন,‘প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং অ্যাপ্লিকেশনের অভাব ছিল। এই রানটা যদি আমরা প্রথম ইনিংসে করতে পারতাম হয়তো অনেক সহজ হতো। প্রথম ইনিংসটা টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই ছেলেদের ব্যাটিং করতে হবে।’
৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়েছে মাহমুদউল্লাহর দল। তামিমের হাফ সেঞ্চুরির পর সৌম্য-মাহমুদউল্লাহ চোয়ালবদ্ধ প্রতিজ্ঞাসহ অসীম সাহসিকতায় ব্যাটিং করেছেন। বিসিবির পরিচালক সুজন মনে করেন, এই ইনিংসে নিজেদের ব্যাটিংয়ের সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা আমাদের সক্ষমতা বুঝিয়েছে। যে আমরা চেষ্টা করেছি ভালো খেলতে। জয় পরাজয় থাকতে পারে কিন্তু আমাদের প্রক্রিয়াটি ভালো ছিল।’
মাহমুদউল্লাহ-সৌম্য রান পেয়েছেন। তামিম ফর্মে আছেন। মুশফিক-সাকিবের মতো দুজন অভিজ্ঞ পারফরমার ছাড়াই দলের পারফরম্যান্স নেহায়েত খারাপ নয়। সুজনের বিশ্বাস, হ্যামিল্টনের পারফর্ম করার আত্মবিশ্বাস নিয়ে পরের দুই টেস্টে খেলতে নামবে বাংলাদেশ দল।
গতকাল সুজন বলেছেন, ‘একটা নতুন পরিবেশে সবসময় কঠিন। নিউজিল্যান্ডের কন্ডিশন আমরা সবসময় জানি যে ওখানে ব্যাটিং করাটা সহজ না। উইকেট দেখে সহজ মনে হলেও অতটা সহজ না। আমার মনে হয় যে খুবই ভালো যে দ্বিতীয় ইনিংসে আমরা নিজেদের প্রয়োগ করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি উইকেটে থাকার, রান করার। এবং সৌম্য, রিয়াদের ব্যাট থেকে বড় ইনিংস, যদিও আমরা ইনিংস ব্যবধানে হেরেছি। তারপরেও আমি বলবো এখান থেকে অনেক কিছু নিয়ে পরের দুই ম্যাচে যাওয়া যাবে।’
স্কোর কার্ড
ভেন্যু : সেডন পার্ক, হ্যামিল্টন
টস : নিউজিল্যান্ড
বাংলাদেশ প্রথম ইনিংস :
২৩৪/১০, ৫৯.২ ওভার (তামিম ১২৬, লিটন ২৯, সাদমান ২৪, ওয়াগনার ৫/৪৭)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস:
৭১৫/৬, ডিক্লেয়ার, ১৬৩ ওভার (উইলিয়ামস ২০০*, ল্যাথাম ১৬১, রাভাল ১৩২, সৌম্য ২/৬৮)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস
ব্যাটসম্যান রান বল চার ছক্কা
তামিম ক ওয়াটলিং ব সাউদি ৭৪ ৮৬ ১২ ১
সাদমান ক বোল্ট ব ওয়াগনার ৩৭ ৭১ ৫ ০
মুমিনুল ক টেলর ব বোল্ট ৮ ৬ ২ ০
মিথুন ক উইলিয়ামসন ব বোল্ট ০ ৪ ০ ০
সৌম্য সরকার ব বোল্ট ১৪৯ ১৭১ ২১ ৫
মাহমুদউল্লাহ ক বোল্ট ব সাউদি ১৪৬ ২২৯ ২১ ৩
লিটন দাস ব বোল্ট ১ ১১ ০ ০
মেহেদি ক রাভাল ব ওয়াগনার ১ ৪ ০ ০
আবু জায়েদ ব বোল্ট ৩ ১৯ ০ ০
খালেদ আহমেদ অপরাজিত ৪ ১৩ ১ ০
এবাদত ক ওয়াটলি ব সাউদি ০ ৪ ০ ০
অতিরিক্ত ৬ (ও-৬)
মোট (অলআউট, ১০৩ ওভার) ৪২৯
উইকেট পতন :
১/৮৮ (সাদমান), ২/১০০ (মুমিনুল), ৩/১১০ (মিথুন), ৪/১২৬ (তামিম), ৫/৩৬১ (সৌম্য), ৬/৩৭৯ (লিটন), ৭/৩৮০ (মিরাজ), ৮/৪১৩ (আবু জায়েদ), ৯/৪২৯ (মাহমুদউল্লাহ), ১০/৪২৯ (এবাদত)।
নিউজিল্যান্ড বোলিং :
বোল্ট :২৮-৩-১২৩-৫ (ও-৪), সাউদি : ২৪-৪-৯৮-৩, গ্র্যান্ডহোম : ১০-১-৩৩-০, ওয়াগনার : ২৪-৪-১০৪-২ (ও-২), অ্যাস্টল : ১৫-৩-৫৮-০, উইলিয়ামসন : ২-০-১৩-০।
ফলাফল : বাংলাদেশ ইনিংস ও ৫২ রানে পরাজিত।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী।
ম্যাচ সেরা : কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।
