স্টাইলিশ কিডস

আপডেট : ১০ জুন ২০১৫, ১৪:২৬
বাড়ির সবচেয়ে আদরের ও হাসিমাখা সদস্য হচ্ছে শিশুরা। সেই ছোটদের কথা ভাবলেই, চোখের সামনে ভেসে ওঠে মিষ্টি আদরমাখা মুখ। কাছে পেলে মনে হয় একটু ছুঁয়ে দিই। শিশুদের ঘিরে ভালোলাগার অনুভূতিগুলো সবাইকে খুব নাড়া দিয়ে যায়। প্রিয় এই শিশুদের জন্য প্রয়োজন বিশেষ যত্নের। বলা যায়, ঋতু বদলের সাথে সাথে শিশুর পরিচর্যাতেও আনতে হয় পরিবর্তন। আর শিশুদের পরিচর্যার অনেক বড় একটা অংশ হলো পোশাক। শিশুদের স্টাইলিস্ট পোশাক নিয়ে লিখেছেন আশরাফুল ইসলাম রানা
 
 
সময়ের সঙ্গে পোশাক বেছে নেওয়াটা জরুরি শিশুদের ক্ষেত্রে। সেই খাতিরে এখন গরমকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। এ সময়ে যতটা সম্ভব হালকা কাপড়ের মধ্যে সেরে নিতে হবে শিশুর স্টাইলিশ পোশাক। তবে অভিভাবককে অবশ্যই পোশাক নির্বাচনে যত্নশীল হতে হবে।
 
শিশুর পোশাকের ট্রেন্ড নিয়ে ক্যাটস আইয়ের পরিচালক এবং ডিজাইন বিভাগের শীর্ষ নির্বাহী সাদিক কুদ্দুস জানান, শিশুদের পোশাকের মোটিফ হিসেবে এলোমেলো নকশার বদলে চল বেড়েছে সাদাসিধে নকশার। বর্ণমালা কিংবা মজার সব ছবির ব্লকপ্রিন্টও থাকতে পারে। তবে সুপার হিরো সিরিজের নানা কমিক ক্লাসিক্যাল চরিত্রগুলোও ছোটদের পোশাকের ক্যানভাসে বেশ চলতি।
 
 
ফ্রক
এ পোশাকটি মেয়ে শিশুদের জন্য যেমন স্বস্তিদায়ক তেমনি ক্লাসিক্যালও। সুতির মধ্যে নিলে গরমের জন্য সবচেয়ে আরামদায়ক হবে। সুতিতেই থাকতে পারে এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট অথবা বাটিকের মতো নানা ধরনের ডিজাইন। যদি পার্টির জন্য ভাবেন তাহলে এন্ডি সিল্ক, লিনেনের মতো কাপড় বেছে নিতে পারেন। হাতাকাটা ফ্রকই বেশি মানানসই হবে শিশুর জন্য। তবে হাফহাতাও নিতে পারেন পরিবেশ বুঝে। যদি নিজেরাই তৈরি করেন তাহলে ফ্রকের প্যাটার্ন, কাটিং হতে পারে শিশুর মায়ের কামিজের সঙ্গে মিল রেখেই। গরমে হালকা রঙই শিশুর জন্য স্বস্তিদায়ক হবে। সে ক্ষেত্রে গোলাপি, হালকা হলুদ, কমলার মতো রং বেছে নিতে পারেন।
 
 
স্কার্ট
বাসায় অথবা বাইরে ঘোরাঘুরির জন্য বাচ্চাদের স্কার্টের জুড়ি নেই এখন। স্কার্ট যেমন আরামদায়ক তেমনি তা শিশুকে ফ্যাশনেবল লুক দিতে সক্ষম। তবে তা হোক অবশ্যই জুতসই কোনো কাপড়ের। বেশি ফ্যান্সি কাপড়ের স্কার্ট শিশুর জন্য বিরক্তিকর হতে পারে। তাই স্কার্টের ভেতরের সারফেস নরম, মসৃণ দেখে কিনুন। স্কার্টের টেক্সচার হোক শিশুর পছন্দের। তা ফুলেল অথবা একটু রঙচঙে হলেও সমস্যা নেই।
 
 
ট্রেন্ডি ড্রেস
পার্টির কথা মাথায় রেখে মেয়ে শিশুদের জন্য ট্রেন্ডি ড্রেস নিতে পারেন। বাচ্চাদের জন্য ফ্যাশন হাউসগুলোতে দেখা যায় ট্রেন্ডি টপস, ফতুয়া, ডিভাইডার। অথবা আপনার সন্তানের পোশাক দর্জি থেকে বানালে প্যাটার্নে আসতে পারে ট্রেন্ডি ছোঁয়া। বাচ্চার টি-শার্টে পছন্দের কার্টুন চরিত্রের প্রিন্টও ট্রেন্ডি ফ্যাশনের অন্তর্ভুক্ত।
 
 
টি-শার্ট, শার্ট
ছেলে শিশুদের জন্য গরমে বেশিরভাগ সময় হালকা-পাতলা টি-শার্ট নেওয়ার চেষ্টা করুন। তা যেমন আরামদায়ক তেমনি ছিমছাম লুক এনে দেয়। বাসায় অথবা পারিবারিক ঘোরাঘুরির জন্য মেয়ে শিশুকেও পরাতে পারেন এই আরামের পোশাকটি। কালো, নেভি ব্লুর মতো রং বাদে টি-শার্ট নিতে পারেন আপনার শিশুর পছন্দের মধ্যেই। বাচ্চার জন্য শার্ট পছন্দ করেন অনেকেই। সে ক্ষেত্রে অবশ্যই হাফহাতাকেই প্রাধান্য দিতে হবে। তা হতে পারে চেকের মধ্যে।
 
 
স্টাইলিশ বটম
ছেলে শিশুদের প্যান্ট গ্যাবার্ডিন কাপড়ের মধ্যে হলে ভালো। হাফ প্যান্টই বেশিরভাগ ক্ষেত্রে জুতসই। তবে সময় বিশেষ বাচ্চাকে পরাতে পারেন ফুল প্যান্টও। জিন্স প্যান্ট নিলে অবশ্যই ভালো ডেনিমের মধ্যে নিন। ভালো ডেনিমের ভেতরের সারফেস মসৃণ হয়। ফলে শিশুর গরম, বিরক্তি লাগার চান্স কম থাকে। মেয়েদের প্যান্টের মধ্যে নিটেড লেগিংস, টাইটস অনেক আরামদায়ক হবে। তবে একটু ঢোলা কাটিংয়ের পায়জামাও দিতে পারেন ফ্রক, টপসের সঙ্গে।