বিএনপির নেতাদের নামে ঢাকায় ৩০ থেকে ৪০ করে বাড়ি রয়েছে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
তিনি বলেছেন, এভাবে সম্পদশালী হওয়ার প্রক্রিয়া থেকে বের হতে না পারলে সরকারবিরোধী আন্দোলন সফল হবে না।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘শহীদ জিয়ার আদর্শে গড়বো বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী আন্দোলনের জন্য আমাদের দলের লড়াকু সৈনিক বেছে নিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শেষবারের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
হাফিজ উদ্দিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক প্রসঙ্গে গত মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। সে সময় খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছিলাম ‘নরেন্দ মোদিকে আপনি কীভাবে দেখছেন?’ তখন তিনি আমাকে বলেছেন, ‘মোদি সম্পর্কে আমরা যে ধারণা করেছিলাম তিনি তার চেয়ে অনেকটাই ব্যতিক্রম। তিনি চা বিক্রেতা থেকে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হয়েছেন।
প্রশংসা করে খালেদা জিয়া আমাকে বলেছেন, মোদি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেশটির সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের চেয়ে অনেক বেশি আলাদা ও আন্তরিক।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যে আমরা আশ্বস্ত হয়েছি। তিনি অনেক ভালো বক্তা। আমরা কিছুদিন দেখবো, যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, তা বাস্তবায়ন হয় কিনা।
