চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে শুভেচ্ছা জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ড অপসারণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব বিলবোর্ড খুলে ফেলতে মেয়রকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। গতকাল বুধবার চট্টগ্রামে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য রোধে সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় সিএমপি কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ সিএনজি অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলামসহ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বৈঠকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বলেন, এ বিষয়ে সিএনজি চালক ও মালিকদের বিরুদ্ধে যাত্রীদের অনেক অভিযোগ জমা হয়েছে। সভায় ভাড়ায় নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে মিটার সিস্টেমে নির্ধারিত ভাড়া আদায়ের পক্ষে মত দেয়া হয়। মানসম্মত মিটার স্থাপন ও সার্ভিস সেন্টার নিশ্চিত করার শর্তে মালিক-চালকরা প্রস্তাবটি মেনে নেন। তবে অবৈধ গাড়ি চলাচল বন্ধ এবং বৈধ সিএনজি চালিত অটোরিকশাগুলোর ‘লাইফ টাইম’ ১৫ থেকে ২৫ বছর করার দাবি জানান মালিকরা।
