সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শহর আলি নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আরো তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেলেদোনা গ্রামে এই ঘটনা ঘটে। শহর আলি ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। সে শংকরপুর গ্রামের জব্বার তরফদারের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই শওকত এবং কনস্টেবল শরিফুল ও ফিরোজ। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
কালিগঞ্জ থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে বেলদানা গ্রামের একটি মাঠে জড়ো হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। টের পেয়ে ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতরা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসী তাকে ডাকাত সর্দার শহর আলি বলে শনাক্ত করে। তাকে প্রথমে সাতক্ষীরা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি, দুটি অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
ওসি আরো জানান, শহর আলির বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
