টানা বৃষ্টিতে দুই জেলায় বিপুল ইট নষ্ট

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৪৫

অসময়ের টানা বর্ষণে ঝিনাইদহ ও মাগুরা জেলায় ইট ভাটাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে দুটি জেলায় অন্তত ২১ কোটি টাকার ইট নষ্ট হয়েছে। ইটভাটা মালিকদের সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় একশ ১০টি ও মাগুরা জেলায় একশ ৬টি ইটভাটা আছে। ইট তৈরির ভরা মৌসুম চলছে। লাখ লাখ ইট খোলা আকাশের নিচে শুকানো হচ্ছিল। বিপুল পরিমাণ শুকানো কাঁচা ইট খোলা আকাশের নিচে সাজানো অবস্থায় ছিল। টানা বৃষ্টিতে এসব ইটের বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। প্রতিটি ভাটায় ইট নষ্ট হয়েছে। ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিঠু জানান, গড়ে প্রতি ভাটায় ৫ লাখ করে ইট নষ্ট হলে এ জেলায় সাড়ে ৫ কোটি ইট নষ্ট হয়েছে। প্রতি ইট কাটা ও শুকাতে ২ টাকা করে খরচ হয়। এ হিসাবে ঝিনাইদহ জেলাতে ১১ কোটি টাকা মূল্যের ইট নষ্ট হয়েছে। এতে ভাটা মালিকরা আর্থিক সংকটে পড়বে। সে সঙ্গে ইটের অভাব দেখা দিতে পারে। কয়েকটি ভাটা ঘুরে দেখা যায়, লাখ লাখ ইট পানিতে গলে গেছে। এসব ইট খোলা থেকে সরাতে আরো ব্যয় হবে। একই অবস্থা মাগুরা জেলার ইট ভাটাগুলোতেও। প্রায় ৫ কোটি ইট নষ্ট হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে ভাটা মালিকদের।