টেকনাফে বাস চাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

আপডেট : ১১ জুন ২০১৫, ১৪:৪৬


কক্সবাজারের টেকনাফে বাসচাপায় নুর জান্নাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে প্রায় ঘণ্টাব্যাপী কক্সবাজার-টেকনাফ সড়কে অবরোধ করে রাখে।

নুর জান্নাত হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়া এলাকার হাজী আব্দু সাত্তার মেয়ে এবং স্থানীয় গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নুর জান্নাত মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় হ্নীলা মৌলভীবাজার এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী (কক্সবাজার-জ-১১-১৪৯) স্পেশাল সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ও মাদরাসার শিক্ষর্থাীরা কক্সবাজার-টেকনাফ সড়কে বেড়িকেড দিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। ফলে যান চলাচল স্বভাবিক হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক বাস ও তার চালকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।