সরকারি আর্থিক ব্যবস্থাপনার উন্নতিতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। বাজেট প্রস্তুতি এবং বাস্তবায়নের দক্ষতা বাড়তে নেওয়া স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট (পিএফএম) কর্মসূচি বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যনডান চ্যন উল্লেখ করেছেন, বিগত দুই দশকে বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থাপনার খাতে উন্নতি লক্ষ্য করা গেছে। এর ধারাবাহিকতা ধরে রাখায় সরকারি ব্যয় টেকসই পর্যায়ে উন্নীত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর আর্থিক ব্যবস্থাপনার আরো উন্নতি হবে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি ব্যয়ের ক্ষেত্রে বরাদ্দ, সক্ষমতা এবং সামাজিক সেবা বিতরণের মতো বিষয়ে কিছু ঘাটতি রয়েছে। অর্থছাড়ে বিলম্ব এখনও বাজেট বাস্তবায়নে বড় বাধা হিসেবে দেখা হয়। তাছাড়া ক্রয়কাজে ধীরগতিও একটি কারণ। উদাহরণ হিসেবে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে ওষুধ পৌঁছাতে ১৫ থেকে ১৮ মাস সময় লেগে যাচ্ছে। অথচ বাজেটে বরাদ্দ, ক্রয় কার্যক্রম এবং বিতরণ সবমিলিয়ে ৯ মাসের বেশি সময় লাগার কথা নয়। বিশ্বব্যাংকের এই ঋণ ২ শতাংশ সুদে ৫ বছর রেয়াতকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে।
