মানবপাচার: নরসিংদীর ৯ কিশোর স্বজনদের কাছে

আপডেট : ১১ জুন ২০১৫, ১৮:৩৬
মানবপাচারের শিকার নরসিংদীর নয়জন কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মালয়েশিয়ায় যাওয়ার পথে নৌকায় দুইমাস ভেসে থাকার পর উদ্ধার হওয়া নরসিংদীর ৫৬ জনের মধ্যে ওই নয়জনকে রেডক্রিসেন্টের মাধ্যমে স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়। 
 
বৃহস্পতিবার বেলা ১২টায় নরসিংদী জেলা রেডক্রিসেন্ট কার্যালয়ে তাদের উপস্থিতি দেখে স্বজনারা কান্নায় ভেঙ্গে পড়েন। কক্সবাজার রেডক্রিসেন্ট থেকে নিয়ে আসা হয় তাদের। পরে দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোসা. সোরাইয়া বেগমের উপস্থিতিতে স্বজনদের হাতে সন্তানদের বুঝিয়ে দেয়া হয়। 
 
উদ্ধারকৃতরা জানায়, তাদের এলাকার দালাল দুলাল মিয়াসহ আরও কয়েকজন মিলে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর দালালরা একের পর এক বোট বদল করে তাদের মিয়ানমার এলাকায় নিয়ে যায়। ওখান থেকে মোবাইল ফোনের মাধ্যমে উদ্ধারকৃতদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। তাদের কথা মত স্বজনরা সন্তানদের ফিরে পাবার আশায় স্থানীয় দালালদের লাখ লাখ টাকা দিলেও এদের মুক্তি দেয় নি। পরে গত ২১ মে মিয়ানমারের নৌবাহিনী এদের উদ্ধার করে।