সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা বিচারের জন্য হবিগঞ্জের আদালত থেকে আবারও সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ বৃহস্পতিবার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২ জুন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছিল।
এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ থেকে এবং জি কে গউছ হবিগঞ্জের পৌর মেয়র পদ থেকে বরখাস্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে দুইবার মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের হাতে এলেও বাদীপক্ষের নারাজিতে তা বিচার পর্যন্ত যায়নি। ১৩৫ দিনের মধ্যে নিষ্পত্তি না হওয়ায় মামলাটি হবিগঞ্জের আদালতে ফিরে যায়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
