আমি সৌভাগ্যবান যে কোনো রাষ্ট্রপ্রধান এলে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ পাই। সেখানে আমাকে সে দেশের গান করতে বলা হয়। আমি সেই দেশের গান শিখে এরপর পারফর্ম করি। সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই সম্মানটা দেয়। তবে এবার সবকিছু একটু তাড়াতাড়ি ঘটে গেল।
ভারতের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর জন্য আয়োজিত এবারের অনুষ্ঠানে আমি একটি গুজরাটি গান করি। যেদিন অনুষ্ঠান সেদিন আমাকে জানানো হয় আমাকে এই অনুষ্ঠানে একটি গুজরাটি গান করতে হবে। আমি সেদিনই গানটি শিখে পারফর্ম করি। পুরো অনুষ্ঠানটি শিল্পকলা আয়োজন করে।
অনুষ্ঠান শেষে আমি গাড়ির জন্য অপেক্ষা করছি, এমন সময় নূর ভাই আমাকে ডাক দিলেন। ডিনার করে যাবার জন্য বললেন। আমি চলে যেতে চাচ্ছিলাম। কিন্তু নূর ভাইয়ের কারণে ডিনারের জন্য অপেক্ষা করলাম। আমরা যেখানে বসলাম সেখানে নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি আমাকে ডাকতে এলেন। জানালেন, আমাকে নরেন্দ্র মোদী ডাকছেন। আমি সেখানে গেলাম। আমাকে তিনি বললেন, ‘বহুত বারিয়া গানা গায়া আপ।’ তার মতো একজন মানুষের কাছ থেকে এমন প্রশংসা সত্যিই অনেক আনন্দের বিষয়। আমাকে জিজ্ঞেস করলেন আমি গানের অর্থ বুঝতে পেরেছি কি-না। যখন নরেন্দ্র মোদীর সাথে আমি ছবি তুলি দেখলাম শিবলী আর নিপা যাচ্ছে, তখন আমাদের বন্ধুদেরও ডাকলাম। আমরা একসাথে ছবি তুলি।
সেখানে উপস্থিত আমাদের প্রধানমন্ত্রীর সাথেও আমরা সবাই ছবি তুললাম। অনেক বড় একটা স্মরণীয় মুহূর্ত ছিল সেদিন। নূর ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তিনি তখন না ডাকলে আমি এই মুহূর্তগুলোর সাক্ষী হতাম না। অনুষ্ঠানে অদিতি মহসিনের রবীন্দ্রসঙ্গীত, শিবলী ও নিপার নাচ এবং মিউজিশিয়ানদের দক্ষতা সবকিছুর সমন্বয়ে অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছে।
