কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় আহত রঞ্জিত শর্মা (৫৯) ১০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মুত্যুর কোলে ঢলে পড়লেন। শুক্রবার ভোর চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রঞ্জিত শর্মা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬নং সাহেরখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সায়েরখালি গ্রামের মৃত হরিমোহন শর্মার ছেলে। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন।
নিহতের ভাতিজা জানান, ঢামেকে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ সৎকারের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে নেওয়া হচ্ছে। শুক্রবার রাত ১০টার দিকে পারিবারিক শ্মশানে তার মরদেহ সৎকারের কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
নিহতের পরিবার জানায়, রঞ্জিত শর্মা ১৯৭২ সালে মিরসরাই থেকে তৎকালীন মাধ্যমিক পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে অনার্স ও মাস্টার্স পাশ করেন। পরবর্তীতে তিনি বিসিএস (শিক্ষা) ক্যাডারে নিয়োগ লাভ করেন।
মেয়ে বিন্দিয়া শর্মা বিবাহ সূত্রে কলকাতায় বসবাস করেন এবং ছেলে দর্শন শর্মা ভারতে এমবিএ করছেন। বাবার মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে তারা ঢাকায় আসেন এবং বাবার মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম জানান, এজাহার নামীয় ১৫ আসামির মধ্যে নয়জনকেই আটক করা হয়েছে। এ মৃত্যুর ঘটনায় মামলার চার্জশিটে ৩০২ ধারা যুক্ত করে আদালতে দাখিল করা হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে চান্দিনা উপজেলা গেইট ও পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে যাত্রীবাহী ইউনিক পরিবহনে পেট্রোল বোমা হামলায় রঞ্জিত শর্মাসহ সাতজন আহত হন।
