টুইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ

আপডেট : ১২ জুন ২০১৫, ১১:৪১


টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করছেন ডিক কসটোলো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

তার পদত্যাগের ফলে এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া না পর্যন্ত টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে আগামী ১ জুলাই থেকে অন্তবর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।

বিনিয়োগকারীদের চাপের মুখে কসটোলো পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন লাভের মুখ না দেখায় তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছেন এর বিনিয়োগকারীরা।

তবে এক বিবৃতিতে টুইটার ডিক কসটোলো বলেছেন, ‘টুইটার টিম নিয়ে তিনি গর্বিত।’

টুইটার জানিয়েছে, কসটোলোর যোগ্য উত্তরসূরি খুঁজে পেতে টুইটারের পরিচালনা বোর্ড একটি কমিটি গঠন করেছে।

এদিকে কসটোলোর পদত্যাগের ঘোষণায় টুইটার কোম্পানির শেয়ার ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০১৩ সালে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রবেশ করে টুইটার। কিন্তু বিনিয়োগকারীদের প্রত্যাশামতো এর ব্যবহারকারীর সংখ্যা বাড়েনি। ফলে হত্যাশ হয়ে পড়েন বিনিয়োগকারীরা।

এপ্রিল মাসের হিসাব অনুযায়ী, কোনো লাভের মুখ দেখেনি টুইটার। এ সময়ে নেট লস দাঁড়ায় ১৬২ মিলিয়ন ডলার। এপ্রিল থেকে এই কোম্পানির শেয়ারের দাম ক্রমেই কমছে। এখন ২০১৩ সালের শুরুর সময়ের চেয়ে কম দামে শেয়ার কেনা-বেচা হচ্ছে।

শেয়ার বাজার বিশ্লেষকরা টুইটারের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

গবেষণা পরামর্শক প্রতিষ্ঠান ই-মার্কেটার জানিয়েছে, প্রতি মাসে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে ১৪ দশমিক ১ শতাংশ। গত দুই বছর আগে এই হার ছিল ৩০ শতাংশের ওপরে।

ই-মার্কেটারের ভাষ্যানুযায়ী, ২০১৯ সালে বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীর সংখ্যা বাড়াবে ৬ শতাংশের মতো।