মিয়ানমার ফেরত চুয়াডাঙ্গার ১৬ বছর বয়স্ক কিশোর শফিকুল ইসলামকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা শাখা কার্যালয়ে বড় ভাই সাইফুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে শফিকুল ইসলামকে গ্রহণ করেন।
হস্তান্তরকালে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারী ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আজাদ মালিতা ও হুমায়ন কবীর মালিক, ইউনিট অফিসার ফজলুল করিম ও রেড ক্রিসেন্টের ঢাকা অফিসের উপ-পরিচালক সেলিম আহম্মদসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ মাস পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের আব্দুর রব ফারাজীর নাবালক পুত্র ১৬ বছর বয়স্ক এই শফিকুল ইসলাম মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে কক্সবাজার হয়ে পানি পথে থাইল্যান্ডের উদ্দেশ্যে মিয়ানমার পৌঁছেছিল। প্রায় ২ মাসকাল মানবেতর জীবন যাপনের পর আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের সহায়তায় কক্সবাজার হয়ে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ফিরে আসে।
