কক্সবাজারের টেকনাফে মো. সেলিম প্রকাশ মুন্ডি ওরফে সেলিম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে টেকনাফ পৌরসভার পল্লান পাড়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাথে জড়িত অভিযোগে পৌরসভার তিন নম্বার ওর্য়াডের কাউন্সিলার মো. হারেছকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সেলিম পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আব্দু শরীফের ছেলে। স্থানীয়দের দাবি, সেলিম টেকনাফ থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে সেলিম ওই এলকার তার বন্ধুর বাড়িতে যাওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে। এ সময় হৈ ছৈ শুনে লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা লাশটি ফেলে পাশ্ববর্তী পাহাড়ে ডুকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। লাশটি কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলার মো. হারেছকে গ্রেফতার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, নিহত সেলিমে পুলিশের সোর্স নয়। তার সাথে পুলিশের 'ভাল সম্পর্ক' ছিল।
