‘২০১৯ সালের আগেই নির্বাচন দিতে বাধ্য হবে সরকার’

আপডেট : ১২ জুন ২০১৫, ১৮:৪৯
 
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আমাদের গণতন্ত্রের আন্দোলন যদি অব্যাহত রাখতে পারি, তাহলে ২০১৯ সালের আগেই  অন্তর্বর্তীকালীন নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। এই জন্য আমাদের নেতা-কর্মীদের আন্দোলন কর্মসূচিতে মাঠে থাকতে হবে।
 
সরকারের উদ্দেশে নোমান বলেন, আপনারা যদি গুম-খুনের রাজনীতি বন্ধ না করে বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি না দেন এবং অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা না করেন তবে জনগণের বিপ্লব অনিবার্য।
 
 শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক পার্টির উদ্যোগে আয়োজিত দলটির সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আবদুল মোবিন এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
 
বাংলাদেশ ইসলামিক  পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।
বর্তমান সরকারকে পুতুল সরকার আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বার্থকে বিসর্জন দিচ্ছে।
 
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর মিয়ানমারে ভারতের সেনাবাহিনী আক্রমণ করেছে উল্লেখ করে আব্দুল্লাহ আল নোমান বলেন, মিয়ানমারের ওপর ভারত কেন আক্রমণ করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই আক্রমণ অনেকটা শিষ্টাচার বহির্ভূত।