রাজশাহী মহানগরীর বিনোদপুরে পুলিশের সঙ্গে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার এ ঘটনায় পুলিশ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করে। এদিকে ওই দুই নেতাকে আটকের প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বিনোদপুরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, ইয়ামিন ও সাদ্দামের নেতৃত্বে ১০/১২ কর্মী কয়েকটি মোটর সাইকেল নিয়ে বিনোদপুর বাজারের এক আম ব্যবসায়ীকে উচ্ছেদের চেষ্টা করছিল। এসময় টহল পুলিশ ওই যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হলে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় পুলিশ ওই দুইজনকে আটক করে। নগরীর মতিহার থানা পুলিশের এসআই বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
