গোবিন্দগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনতাই, আহত ৩

আপডেট : ১৩ জুন ২০১৫, ২১:১১


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ম্যানেজার ও কর্মচারীসহ সিরামিক ব্যবসায়ীকে  ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনেয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে থানা সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শহরের গোলেজা সুপার মার্কেটের সিরামিক ব্যবসায়ী ‘বানিজ্যলয়’ -এর মালিক কামাল উদ্দিন (৪৮), ম্যানেজার রিপন মিয়া (৩৬) ও কর্মচারী লিটন মিয়া (৩৫)। আহতদের মধ্যে লিটনের অবস্থা আশঙ্কাজনক।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, শুক্রবার তার প্রতিষ্ঠানে বাৎসরিক হালখাতা অনুষ্ঠিত হয়। রাতে দোকান বন্ধ করে হালখাতায় প্রাপ্ত টাকাসহ ম্যানেজার রিপন ও কর্মচারী লিটনকে সঙ্গে নিয়ে রিক্সায় করে শহরের ঝিলপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে গোবিন্দগঞ্জ থানা সংলগ্ন এলাকায় ৬/৭ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে এলোপাতারী ছুরিকাঘাত করে দুটি ব্যাগে রাখা ৬৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।