মিটফোর্ড হাসপাতাল কর্মীদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৫:১৩
 
ঢাকার মিটফোর্ড হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পূর্ব ঘোষিত রবি ও সোমবারের দুই ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব আব্দুল মতিন এই তথ্য জানান।
 
আব্দুল মতিন বলেন, হাসপাতালের পরিচালকের লিখিত আশ্বাসে এবং রোগীদের ভোগান্তির কথা ভেবে আমরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
এর আগে চার দফা দাবিতে গত বুধ ও বৃহস্পতিবার হাসপাতালের প্রায় আটশত কর্মচারী দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন। এতে হাসপাতালে আসা রোগীরা দুর্ভোগের শিকার হয়েছেন।
 
চার দফা দাবিগুলো হলো-কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান, পোষ্য কোটা থেকে ৪০ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য আলাদা বিছানা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন না ভাঙা।