কমলগঞ্জে ভাষা উত্সবে নানা ভাষার মানুষের মেলবন্ধন

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৫৫

ভাষা চর্চা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষার বিপন্নতারোধ, চর্চা ও বিকাশের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ভাষা উত্সব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উত্সবের শুরুতে বর্ণিল র্যালি, আলোচনা, ১০টি ভাষার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য, গান, বাঙালি জনগোষ্ঠীর লোকজ পরিবেশনা ও নানা ভাষার মানুষের মেলবন্ধন ঘটে। উপজেলা প্রশাসন এবং উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে গত শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কমলগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানের শুরুতে উপজেলার দশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণে র্যালি উপজেলা চৌমুহনা প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শাহজাহান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আহমদ সিরাজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের জীবনযাত্রা ও ভাষার চর্চার বিষয়টি তুলে ধরেন। আলোচক হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের উপ-পরিচালক নাজমুন নাহার, সেলু বাসিত, নৃপেন্দ্র লাল দাশ, রসময় মোহান্ত, আবুল ফতেহ ফাত্তাহ, শোয়াইব জিবরান, রণজিত সিংহ, আকমল হোসেন নিপু, হামোম তনুবাবু।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, বহুমাত্রিক ভাষা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য সমৃদ্ধ সীমান্তবর্তী এ উপজেলায় জনবৈচিত্র্যের সম্ভার। তিন ভাগে বিভক্ত মণিপুরী সম্প্রদায় ছাড়াও খাসিয়া, সাঁওতাল, মুন্ডা, গারো, তেলেগু, উরাং, ওড়িষা, ত্রিপুরী, ভুজপুরী, ভূমিজসহ ১৩টি ভাষার জনগোষ্ঠী রয়েছে। এছাড়াও চা বাগানে আরও নানা ভাষাভাষীর লোক বসবাস করছে।

বাঙালি জনগোষ্ঠীসহ ১০টি ভাষার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা ছাড়াও উত্সবে ‘কমলগঞ্জের ভাষা-বৈচিত্র্য সংকলন গ্রন্থ’ ও ‘ভাষা সংগ্রামী মোহাম্মদ ইলিয়াস এর জীবন ও কর্ম’ এ দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ভাষা উত্সব উপলক্ষে তিনটি বইয়ের স্টলও বসে।