নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে শনিবার বিকেলে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতরা সুস্থ আছেন বলে জানা গেছে।
মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন চেয়ারম্যান এশরাক আলী জানান, খোশালবাড়ী গ্রামের জরিফ উদ্দিন জমিতে ধান রোপনের জন্য একই গ্রামের কয়েকজন শ্রমিককে কাজে লাগান। শনিবার বিকেল চারটার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় ওই জমিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কাশেম (৪০) মারা যান। আবুল কাশেমের পাশে থাকা দুই শ্রমিক বাচ্চু মণ্ডল (৩১) ও শহিদুল ইসলাম (৫৫) আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবুল কাশেম গ্রামের মৃত আমীর বক্সের ছেলে। নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডা. মাহফুজার রহমান জানান, আহতরা আশঙ্কামুক্ত।
অপর ঘটনাটি ঘটে জেলার বদলগাছী উপজেলার ধুনইল গ্রামে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম খান জানান, বিকেল চারটার দিকে হঠাৎ বজ্রপাত ও ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় সাইদুল ইসলামের স্ত্রী জাকেরা বেগম (৪২) বাড়ির উঠান থেকে খড় আনতে যান। খড় নিয়ে আসতে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই জাকেরা বেগমের মৃত্যু হয়।
