বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবসময় সরকারের মুখাপেক্ষী থাকবেন না

আপডেট : ১৪ জুন ২০১৫, ০১:১২

“প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু উত্সর্গ করার মনোভাব রাখতে হবে। সবসময় সরকারের মুখাপেক্ষী না থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কোনো বিষয়ে যথাযথ উদ্যোগ নিলেই তা সম্পন্ন করা সম্ভব।” গতকাল শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এসব কথা বলেন।

 
অধ্যাপক আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় নিজের উদ্যোগে বিভাগ খুলবে। সেটি যৌক্তিক মনে হলে ইউজিসি পূর্ণ সমর্থন দিবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান হতে হবে বিশ্বমানের। কারণ বিশ্ব শিক্ষার সাথে তাল মিলিয়ে না চলতে পারলে প্রতিযোগিতায় পাল্লা দেয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টায় এবং সহায়তায় বিশ্ববিদ্যালয়কে সুউচ্চ আসনে নিয়ে যাওয়া সম্ভব বলে জানান তিনি।
 
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক শর্মিষ্ঠা রায়ের সভাপতিত্বে এবং বিভাগীয় অধ্যাপক সৈয়দা আফরিনা মামুন ও ড. শাহীদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, বিভাগের প্রাক্তন অধ্যাপক আবু বকর সিদ্দিক ভুঁইয়া, অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।
 

উদ্বোধনীর আগে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়। বিকেলে একই স্থানে স্মৃতিচারণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।