গরমে ঘামাচি থেকে মুক্তি

আপডেট : ১৪ জুন ২০১৫, ১২:২৭
মিলিয়ারিয়া, হিটর্যাশ, প্রিকলি হিট কত নামেই পরিচিত এই সাধারণ চর্মরোগ ঘামাচি। সোয়েট ডাক্ট মৃত কোষ বা ব্যাকটেরিয়া প্লাক (স্টাফাইলোকক্কাল এপিডর্মিডির্স) দিয়ে ব্লক হলে ঘামাচি হয়।
 
ঘামাচি সাধারণত: গ্রীষ্মকালীন উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় হলেও শীত প্রধান দেশে যে  হবে না এটি একটি ভ্রান্ত ধারণা। কারণ যারা রুম হিটারের কাছে বেশীক্ষণ থাকে বা সাধারণ মানুষের তুলনায় বেশি ঘামে তারাও ঘামাচিতে আক্রান্ত হতে পারে। নবজাতক শিশুরা ঘামাচিতে বেশী ভোগে থাকে। তাই মায়েদের এটি একটি দুশ্চিন্তার বড় কারণ।
 
শুরুতে ছোট ছোট লাল র্যাশ কপাল, ঘাড়, পিঠ, পেটসহ চামড়ার ভাজে দেখা দেয়। পরবর্তীতে চুলকানো, কাটার খোঁচার মত অনুভূতি ও অস্বস্তির কারণ হয়ে দাড়ায়। এটি কোনও দুরারোগ্য ব্যধি নয়। শরীরে ৩ থেকে ৪ দিন থাকে। মিলিয়ারিয়া, রুব্রা, মিলিয়ািরিয়া ক্রিস্টালিনা ও মিলিয়ারিয়া পাস্টুলোসা এই তিন ধরণের ঘামাচির মধ্যে মিলিয়ারিয়া রুব্রা বেশী দেখা যায়।
 
কিছু ক্ষেত্রে ঘামাচি চিকিত্সা ছাড়াই ভালো হয়ে যায়। অতিরিক্ত ঘাম ও গরম যেহেতু ঘামাচির প্রধান কারণ তাই ঘামাচির থেকে রক্ষার জন্য আরামদায়ক, সুতির ঢিলা-ঢালা কাপড় পড়তে হবে, ঘর বদ্ধ রাখা যাবেনা, দরজা-জানালা খোলা রেখে প্রচুর আলো-বাতাসের ব্যবস্থা করতে হবে। গোসলের পূর্বে আক্রান্ত স্থানে বরফ ঘষলে ভাল ফলাফল পাওয়া যায়।
 
ফার্মেসী ও সুপার মার্কেটগুলোতে বিভিন্ন ধরণের এন্টিসেপ্টিক সাবান পাওয়া যায়। আপনার ত্বকের ধরণ অনুযায়ী পছন্দ মত এন্টিসেপ্টিক সাবানটি বেছে নিতে পারেন। এটি ঘামাচির ঝুঁকি অনেক কমিয়ে দিবে। আর প্রিকলি হিট পাউডারের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত।
 
এছাড়া ক্যালামাইন লোশন ব্যবহারও বেশ আরামদায়ক। অতিরিক্ত জ্বালাপোড়া কমানোর জন্য হালকা স্টেরয়েড যেমন-১% হাইড্রোকর্টিসোন ব্যবহার করা যেতে পারে। কারণ এটি নিরাপদ। তবে অতিরিক্ত চুলকালে, অস্বস্তি অনুভব হলে এন্টি হিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে। তবে ওষুধ খাওয়া পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট কোন ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে। বৃদ্ধ ব্যক্তি অনেক দিন ধরে বিছানায় শয্যাশায়ী অথবা কেমোথেরাপি নিচ্ছেন এমন লোকদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
 
এই প্রচন্ড গরমে আমাদের দৈনন্দিন প্রয়োজনে বাইরে যেতে হয়, রান্না করতে হয়, তাই ঘামাচি থেকে মুক্তির জন্য টাইটফিট কাপড় এড়িয়ে হালকা সুতির কাপড় পড়তে হবে। অতিরিক্ত লোশন, ক্রিম ব্যবহার করা যাবেনা। যারা অতিরিক্ত ঘামেন বা ব্যায়াম করেন তাদের শরীর মোছার জন্য শুকনো পরিছন্ন টাওয়েল ব্যবহার করবেন। একটু সতর্ক হলেই আর এই ছোট ছোট সু অভ্যাসগুলো সয়ে তুললেই আমরা মুক্তি পেতে পারি ঘামাচি থেকে।
 
ডা: তাওহীদা রহমান, ডার্মাটোলজিস্ট, লেজার এন্ড কসমেটোলজিস্ট
চেম্বার: বাংলাদেশ স্কিন সেন্টার
বাড়ী-১৭, রোড ৬, ধানমন্ডি, ঢাকা (যমুনা ব্যাংকের উপরে)