শ্যামনগরে কাশিমাড়ী ইউনিয়নের ৫৭ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন না থাকায় কয়েকশ শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। ১৯৪৪ সালে স্থাপিত জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে রয়েছে তিনটি ভবন। যার একটি ভবনের অবকাঠামো ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা পারভীন জানান, ২০০৬ সালে দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এক কক্ষে অফিস ও অন্য কক্ষটিতে শিশু শ্রেণির ক্লাসের জন্য ব্যবহার করা হয়। অপর ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও তার দুটি কক্ষই ৫ম শ্রেণির ক ও খ শাখার ক্লাসের জন্য ব্যবহার করা হচ্ছে। আর ১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে রোদের মধ্যে ক্লাস নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের সীমানা প্রাচীরের সঙ্গে টিন শেডের ঘর তৈরি করে সেখানে বর্ষাকালে কোনো রকমে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে বর্ষার দিনে ছাত্রছাত্রীদের শিশু শ্রেণির বড় কক্ষটিতে রেখে অনেক কষ্টেই পাঠদান করানো হয়। দীর্ঘ ৭৫ বছরের পুরাতন বিদ্যালয়টির অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ফলে ৪৯০ জন ছাত্রছাত্রীর বড় এক অংশ এভাবেই প্রতিদিন খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুর আলম জানান, ৫৭ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ডিজি অফিসে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিন্তু অদ্যাবধি কাজের কাজ কিছুই হয়নি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম মুজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
