নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ নিয়ে বৈঠক

আপডেট : ১৪ জুন ২০১৫, ১৬:৪১
নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণের ব্যাপারে স্থানীয় সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রমের সঙ্গে বৈঠক করেছে কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান। সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল স্থানীয় সময় শুক্রবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সিটি কাউন্সিলম্যানের অফিসে অনুষ্ঠিত এই বৈঠকের আলোচ্যসূচির মধ্যে ছিল নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদন, জায়গা প্রদান, নকশা ও আর্থিক অনুদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
 
কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানের চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সেক্রেটারি জেনারেল মঞ্জুর চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সংগঠনটির কো-চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, কাজী আজিজুল হক খোকন, সুবল দেবনাথ, এস এ আলম বিপ্লব, জুয়েল আহমেদ, হোসেন সোহেল রানা এবং পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস নান্নু, কাজী মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
আলোচনা অনুযায়ী কাউন্সিলম্যান ও নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশনের চেয়ারম্যান ড্যানিয়েল ড্রম জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার মধ্যে পার্ক, স্কুল, ডাইভার্সিটি প্লাজা কিংবা ব্যক্তিগত মালিকানাধীন কোনো স্থানে আগামী ২ থেকে ৬ মাসের মধ্যে একটি জায়গা বরাদ্দের আশ্বাস দেন। কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান-এর প্রতিনিধিরা আগামী দুই সপ্তাহের মধ্যে শহীদ মিনারের নকশা জমা দেওয়ার এবং শহীদ মিনার নির্মাণকালে ন্যূনতম ২৫ হাজার ডলার আর্থিক সহযোগিতার অঙ্গীকারনামা প্রদান করেন।
 
এছাড়াও বৈঠকে কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম বর্তমান বাংলাদেশ সরকারের সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান এবং কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান-এর নিউইয়র্কভিত্তিক সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।