বরিশালে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৫৯

শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল রবিবার সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নগরীর এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বরিশাল নগরীর সাগরদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ মার্চ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই নিয়ে শনিবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে প্রস্তুতি সভা চলছিলো। ক্রীড়া প্রতিযোগিতার শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক নেওয়ার বিষয়ে আলোচনা চলাকালে ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক (সহকারী শিক্ষক) এনায়েত হোসেন মল্লিকের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়।  এক পর্যায় ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবর ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ খবর গতকাল রবিবার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষকের হামলার প্রতিবাদ এবং লাঞ্ছনাকারী ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবরের বিচার দাবিতে স্কুল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যানেজিং কমিটি বাতিলসহ নানান শ্লোগান দেয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় শিক্ষক এনায়েত হোসেন মল্লিক শনিবার রাতে ম্যানেজিং কমিটির সদস্য শওকত আকবরের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঐ অভিযোগে তাকে এলোপাতাড়ি মারধরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা বেদনাদায়ক জখম করা হয়েছে বলে উল্লেখ করেছেন।