কুমিল্লার চান্দিনা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ব-পরিবার হত্যা মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) আব্দুর রশিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার দুপুরে সরকারের পক্ষে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) হাসানুজ্জামান কল্লোলেরর নির্দেশে এবং চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রশিদের নিজ বাড়িসহ ৬.১২ একর সম্পত্তি বাজেয়াপ্ত করে ছয়টি সাইনবোর্ড সাঁটায় চান্দিনা থানা পুলিশ।
এর আগে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর একই ভাবে আদালতের নির্দেশে রশিদের আরও ১০.৮২ একর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এ নিয়ে রশিদ ও তার পরিবারের প্রায় ১৭ একর সম্পত্তি বাজেয়াপ্ত করলো সরকার।
চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম জানান, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার দায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত স্মারক মোতাবেক চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল (অব.) আব্দুর রশিদ ও তার বাবা আব্দুল করিমের সকল ওয়ারিশ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
