রাণীর জন্মদিনে ভিন্ন রূপে উইলিয়াম

আপডেট : ১৫ জুন ২০১৫, ১১:১২

ব্রিটেনে শনিবার পালিত হলো রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন। যদিও এটা তার প্রকৃত জন্মদিন নয়। তার অফিসিয়াল জন্মদিন। রাজসিংহাসনের রীতি অনুযায়ী এই দিন জমকালো সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়।

 

প্রতি বছর গ্রীষ্মকালের এই শনিবার রাণীর জন্মদিন পালন করা হয়। তার আসল জন্মদিন ২১ এপ্রিল। তিনি যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ব্রিটিশ রাজসিংহাসন ৮৯ বছরে পা দেয়। শনিবারের অনুষ্ঠানে রাণীর সঙ্গে যোগ দেন তার স্বামী প্রিন্স ফিলিপসহ পরিবারের অন্য সদস্যরা। কুচকাওয়াজের পর রাণী এলিজাবেথ পরিবারের সদস্যদের  সঙ্গে বাকিংহাম প্রাসাদের বেলকনিতে দাঁড়ান। আগের বছরের চেয়ে এবার নতুন করে প্রথমবারের মতো বেলকনির এই জটলায় যোগ দেন প্রিন্স জর্জ যার বয়স দুই বছর হতে চলেছে। তিনিই সবার নজর কাড়তে সক্ষম হন। কারণ আছে বটে। তিনি ছিলেন বাবা প্রিন্স উইলিয়ামের কোলে। তিনি যেভাবে বাবার কোলে ছিলেন ঠিক তেমনি একইভাবে প্রিন্স উইলিয়ামও এক সময় ছিলেন বাবা প্রিন্স চার্লসের কোলে। ১৯৮৪ সালে প্রিন্স চার্লস যেভাবে এবং যে পোশাকে ছিলেন ছেলে প্রিন্স উইলিয়ামকে দেখা যায় এবার একই ভঙ্গিতে সেই পোশাকে ছেলেকে কোলে নিতে। বেলকনিতে আরো ছিলেন প্রিন্স জর্জের মা ডাচেস অব কেমব্রিজ ক্যাথেরিন, প্রিন্স হ্যারি এবং ডাচেস অব কর্ণওয়েল ক্যামিলা। তবে দেখা যায়নি গত ২ মে জন্ম নেয়া নতুন প্রিন্সেস শার্লটকে। সূত্র : সিএনএন ও ডেইলি মেইল অনলাইন