পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। গতকাল রবিবার উভয় বাজারে সূচকের বড় পতন হয়েছে। লেনদেন নেমে এসেছে সাড়ে তিনশ’ কোটি টাকায়। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিকে বাজারে দরপতনের প্রবণতা থাকলেও দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে এসেছে বস্ত্র খাতের তিনটি কোম্পানি। ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে। এছাড়া মিথুন নিটিং এবং আল-হাজ্ব টেক্সটাইল রয়েছে। অন্য কোম্পানিগুলো হচ্ছে-হাক্কানি পাল্প, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক এবং মার্কেন্টাইল ব্যাংক।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের কর্পোরেট উদ্যোক্তা সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্কেন্টাইল করপোরেশন কোম্পানির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ন্যাশনাল হাউজিংয়ের ৫১ লাখ ২৩ হাজার ২৭৭টি শেয়ারের সবগুলো শেয়ার সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্কেন্টাইল করপোরেশন বিক্রি করবে। বাজার দরে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা কোম্পানিটি।
