পটুয়াখালীর সাত উপজেলার চারটিতে চেয়ারম্যান প্রার্থী নতুন মুখ

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:০২

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ হবে আগামী ৩১ মার্চ। এইদিনে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ছাড়া বাকি সাত উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এই সাত উপজেলার চারটিতে রয়েছে নতুন মুখ।

পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মো. গোলাম সরোয়ার। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক। এদিকে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ শহরে শোডাউন করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান দিয়েছেন।

মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা  গাজী আতাহার উদ্দিন আহম্মেদ। তিনি মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

দুমকি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি।

দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আজিজ।

বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়নের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

কলাপাড়া উপজেলায় মনোনয়ন পেয়েছেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান।

গলাচিপা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন নতুন মুখ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গলাচিপা ডিগ্রি কলেজের সাবেক জিএস মু. শাহিন শাহ।

এই নির্বচনে জেলার সাতটি উপজেলার মধ্যে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে ইভিএম পদ্ধতি ব্যবহূত হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে।