সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নেতা নিহত

আপডেট : ১৫ জুন ২০১৫, ১০:৩৯
 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। সোমবার ভোরে শরণখোলার কাতলার খাল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত মো. জামাল (৩৫) বনদস্যু দল জামাল বাহিনীর প্রধান।
 
র‌্যাব-৮ এর আলোরকোল ক্যাম্পের উপ অধিনায়ক আদনান কবির জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি বন্দুক, দুটি এয়ারগান, আটটি ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের ১০০টি গুলি উদ্ধার করা হয়েছে।
 
তিনি সাংবাদিকদের বলেন, ‘‘সুন্দরবন পূর্ব বিভাগের কাতলার খাল এলাকায় দস্যুদের জড়ো হওয়ার খবর পেয়ে ভোর পাঁচটার দিকে সেখানে অভিযান চালানো হয়। দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার জন্য বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে জামাল বাহিনীর প্রধান হিসেবে সনাক্ত করে।’’