আড়াইহাজারে এলাকাবাসীর গণপ্রহারে বাচ্চু (৩০) নামের এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া মার্কাস মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ‘ডাকাত’ বগাদী গ্রামের রব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, রাত ১১টার দিকে দক্ষিণপাড়া এলাকায় রাস্তায় একটি সিএনজি থামিয়ে ডাকাতির শুরু করে বাচ্চু ডাকাত ও তার দল। এ সময় যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ডাকাত দলকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন বাচ্চু। পরে উত্তেজিত এলাকাবাসীর গণপ্রহারে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরো জানান, বাচ্চু একটি হত্যাসহ ডাকাতির মামলায় ৬ বছর সাজা খেটে বের হয়। কিছুদিন ভাল থেকে আবারো ডাকাতি শুরু করে।
