ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে শতাধিক গাড়ি। রবিবার রাত থেকে সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার সকালেও যানজট ছিল। এদিকে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সংস্কার কাজের জন্য সম্প্রসারিত চার লেনের মধ্যে দুই লেন বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এছাড়া রাতে দারোগাহাট ও পন্থিছিলা বটতল এলাকায় দুটি গাড়ি নষ্ট হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। যানজট অন্তত ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৃষ্টির কারণে হাইওয়ে পুলিশের কাজে সমস্যা হচ্ছে।
চট্টগ্রাম জেলার ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মীর গোলাম ফারুক জানান, অতিরিক্ত পুলিশ এনে যানজট নিরসনে চেষ্টা চালানো হচ্ছে।
