মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে -------- মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:০৩

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাদক, সন্ত্রাস ও অনৈতিক কাজের বিরুদ্ধে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে মাদক ঢুকতে না পারে তার দিকেও ছাত্র সমাজকেই নজর দিতে হবে। কারণ মাদক আর সন্ত্রাস শিক্ষার ব্যাঘাত ঘটায়, ছাত্র সমাজকে বিপথে পরিচালিত করে।

শনিবার নেত্রকোনায় নবপ্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর আগে প্রথমবারের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ নেত্রকোনার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা আগ্রহে তার নামে দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। একটি মেডিক্যাল কলেজও তিনি এবছর দিয়েছেন এবং সেখানে ক্লাসও শুরু হয়েছে। এজন্য পাঠদান ক্ষেত্রে এ দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের গুণগত মান বজায় রাখতে হবে।

তিনি সভায় উপস্থিত শেখ হাসিনা বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের জন্য ২ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৫শ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এত ব্যাপক কর্মযজ্ঞকে সফল করার জন্য তাদের প্রতি দ্রুত কাজ করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিক উল্লাহ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন, দেশ বরেণ্য লেখক অধ্যাপক যতীন সরকার, সিন্ডিকেট সদস্য ড. ইউসুফ মোল্লা প্রমুখ।