ভেজালমুক্ত খাদ্যের জন্য আইন প্রয়োগের আহবান রওশনের

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৯:০০
 
 জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আসন্ন রমজান মাসে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য বাজারজাতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।
সোমবার সকালে জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলের আইপিডি সেন্টারে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
 
রওশন এরশাদ বলেন, রমজান মাসে খাদ্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং সাধারণ মানুষ যাতে কম দামে ভেজালমুক্ত খাদ্য ক্রয় করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
তিনি ভেজালমুক্ত খাদ্য আইন বাস্তবায়নে সরকারকে আরো কঠোর হতে আহবান জানান। ফরমালিনযুক্ত খাবার খেয়ে সাধারণ মানুষ যাতে অসুস্থ না হয় সেদিকে বিশেষ নজর দেয়ার জন্যও তিনি পরামর্শ দেন।
 
রওশন এরশাদ বলেন, আইন প্রয়োগ করে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্য মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।
আসন্ন রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য বাজারজাত করার লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, হুইপ নূরুল ইসলাম, রওশান আরা মান্নান এমপি, শাহান আরা এমপি, সাংবাদিক শ্যামল দত্ত, এনজিও ব্যক্তিত্ব নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ।