ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেফতারকৃত ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে সাতদিনের রিমান্ড শেষে গতকাল সোমবার মহানগর ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করা হলে বিচারক ফারহানা হক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, সাতদিনের রিমান্ডে ইদ্রিসকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ইদ্রিস বেশ তথ্যও দিয়েছেন। তবে এসব তথ্য যাচাই-বাছাই করবে সিআইডি। সিআইডি সূত্র জানায়- অনেক সময় মনে হয়েছে সে নিজেকে রক্ষা করতেই নানা কথা বলছে। আবার কোন সময় অন্যকেও ফাঁসাতে সে নানা কথা বলেছে। তবে সিআইডি কর্মকর্তারা মনে করছেন ইদ্রিস অনেক তথ্য দিলেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য এ সকল তথ্য যথেষ্ট নয়।
সিলেট নগরীর সুবিদবাজারের নূরানীদীঘির দক্ষিণ কোনে গত ১২ মে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস। গত ৭ জুন সিলেটের দৈনিক সংবাদ ও সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করে সিআইডি।
