ময়মনসিংহের মুক্তাগাছা ও হবিগঞ্জের নবীগঞ্জে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন ও আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে নবীগঞ্জে নিহত ৫ জনের মধ্যে ৪ জনই এক পরিবারের সদস্য। সংবাদদাতাদের পাঠানো খবর:
মুক্তাগাছা (ময়মনসিংহ) : গতকাল বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের নিমুরিয়ায় সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তাগাছার বরমার বাসিন্দা সালাম, জয়নাল আবেদীন ও নবীরন মারা যান। গুরুতর আহত অবস্থায় মুক্তাগাছা হাসপাতালে নিলে সেখানে মারা যান কালিবাড়ির কাশেম ও তুফান। আহত ইকবাল, লুত্ফর ও মনোয়ারাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
নবীগঞ্জ (হবিগঞ্জ): গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়ায় পাথরবোঝাই ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত এবং ২ জন আহত হয়। নিহত সবাই প্রাইভেট কারে ছিলেন। তাদের লাশ শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত প্রাইভেট কার চালক শাহ আলমের বাড়ি সিলেটের জৈন্তাপুর এলাকায়। নিহত অন্যরা হলেন, সেনা সদস্য আব্দুল কাদের, তার বোন শারমিন, কাদেরের পিতা আব্দুল হামিদ, কাদেরের মাতা কুলসুম বেগম। তাদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুরে।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান জানান, দুর্ঘটনায় আহত হন আব্দুল কাদেরের স্ত্রী লাভলী আক্তার ও মেয়ে লামিয়া আক্তার। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
