প্রবাসীদের তথ্য সেবায় ‍নিউজ পোর্টাল

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৭:১২
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিকে সংবাদ ও তথ্য সেবা দিতে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল প্রবাস নিউজ ডটকম। রবিবার বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার ঢাকাস্থ কারওয়ান বাজার স্টুডিওতে অনলাইন পোর্টালটির উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
 
প্রবাসনিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার খান, সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ডক্টর এএসএম আতিকুর রহমান, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজেশ আলী খান, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত, এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম, প্রবাসনিউজ ডটকমের এডমিন ও সিইও আবদুল লতিফ অপুর্ব, এটিএন বাংলার উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) শামসুল হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সম্প্রচার) তাশিক আহমেদ, এটিএন বাংলার  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) ফখরুল আবেদীন দুলাল, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান ও সম্প্রচার) কেএম মাহমুদ হাসান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হেড অব কার্ড গিয়াস উদ্দিন পিন্টু, লাইফস্টাইল ম্যাগাজিনের প্রকাশক ও রোডস্ সম্পাদক মাহমুদজ্জামান প্রমুখ।
 
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ‘‘তথ্য প্রযুক্তির যেভাবে উন্নতি হচ্ছে তাতে ভবিষ্যতে সংবাপদপত্র থাকবে কিনা সন্দেহ আছে। এখন ইলেক্ট্রনিক মিডিয়া প্রতি ঘণ্টায় খবর সম্প্রচার করছে। পত্রিকাগুলো পরদিন বিস্তারিত খবর তুলে ধরছে। ফলে পত্রিকার নিউজের গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। ইদানিং মোবাইলে নিউজ পড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে। একটি স্মার্টফোন বা এন্ড্রয়েটফোন থাকলে বিশ্বের যে কোন নিউজ পোর্টাল ব্রাউজ করা যায়। টেলিভিশনেরও প্রয়োজন হয় না। প্রতিনিয়ত অনলাইন নিউজ এজেন্সিগুলোর উন্নতি হচ্ছে।’
 
তিনি বলেন, ‘অন্যদিকে দৈনিক পত্রিকা প্রকাশনা বেশ ব্যয়বহুল। কাগজ কিনতে হয়। বিতরণের জন্য প্রচুর লোক লাগে। কিন্তু অনলাইনে এসব প্রয়োজন হয় না। এক ক্লিকেই একটি নিউজ সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায়। অনলাইন পাঠকও দিন দিন বাড়ছে। তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টালের জগতে প্রবাস নিউজ সম্পূর্ণ নতুন এক ধারায় আত্মপ্রকাশ করল। প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশির দৈনন্দিন সমস্যা ও সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়ে ওই পোর্টালটি তথ্য সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এক্ষেত্রে প্রবাস নিউজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রবাসীদের স্বার্থে প্রবাসনিউজ ডটকমের সঙ্গে এটিএন বাংলার খবরগুলো লিঙ্ক করে দিলে অনলাইন পোর্টালটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশ্য সাধন আরো সহজ হবে।’’
 
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘একটি অনলাইন নিউজপোর্টালে যেসব তথ্য উপাত্ত থাকা দরকার তার সবই প্রবাসনিউজ ডটকমে রয়েছে। প্রবাসীদের জন্য এটি একটি গাইড হিসেবে কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশের মানুষকেও তথ্য সেবা দিতে সক্ষম হবে এই অনলাইন পোর্টাল।’  
 
যা থাকছে এ নিউজ পোর্টালে: বিমানবন্দরে করণীয়, কাস্টমস সার্ভিস, চেক ইন, ইমিগ্রেশনে করণীয়, বোর্ডিং ব্রিজ, বিমানে উঠার পর করণীয়, খাওয়া-দাওয়া, ঘুম, বাথরুম ব্যবহার, বিমান থেকে নামার ঠিক আগে করণীয়, ট্রানজিট যাত্রী হলে, আগমনী যাত্রী হলে, বিদেশে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা, বাংলাদেশ দূতাবাসগুলোর সেবা সম্পর্কিত তথ্য, পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়, বার্থ সার্টিফিকেট কিভাবে পাবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবেন, বিদেশ থেকে লাশ কিভাবে পাঠাবেন, বিদেশে থেকে বৈধ পথে টাকা পাঠানোর নিয়ম, বাংলাদেশে যে পণ্যের কর দিতে হয়, যে পণ্যের কর দিতে হয় না, বিমানবন্দরে ভোগান্তির শিকার থেকে রক্ষার উপায়, প্রবাসীদের প্রাপ্য ১০ সুবিধা, বাংলাদেশের সকল থানার ফোন নম্বর, পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার ঠিকানা, পাসপোর্ট আবেদনের নিয়ম।