জামায়াতের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে কুমিল্লায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা সদরসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে কুমিল্লা ১০ বিজিবির ২০ সদস্যের ১টি প্লাটুন জেলা সদর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে টহল দিচ্ছে এবং ১ প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়েছে।
বিকালে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, জামায়াত-শিবিরের হরতাল ছাড়াও তারা যে কোন সময় নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশংকায় পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহালের প্রতিবাদে বুধবার ভোর থেকে টানা ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি।
