জেলার রায়পুর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যানের মৎস খামার ও বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত ও প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে বর্তমান স্থানীয় চেয়ারম্যান মনজুর এলাহীর ক্যাডার বাহিনী এলাকার চিহ্নিত ডাকাত ও পেশাদার খুনি অলি, সেন্টু, দুলাল, মাসুদ মোন্তু, আলামিন, ফুল মিয়া, শফিক ও রহমতউল্লার নেতৃত্বে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান ফায়জুর রহমানের খামারবাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা বসতঘর, খামারঘর ভাঙচুর করে ঘরের আসবাব পত্র ও ১২টি পুকুরের প্রায় ২৫ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
এ সময় ফায়জুর রহমানের স্বজনেরা ও এলাকাবাসী বাধা দিলে সন্ত্রাসীরা অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সাবেক চেয়ারম্যান ফায়জুর রহমান জানান, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। সন্ত্রাসীরা প্রকল্পের ১২টি পুকুরের প্রায় ২৫ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এ সময় অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনজুর এলাহীর সাথে যোগাযোগ করা যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
