পূর্বশত্রুতার জের ধরে দুর্গাপুর উপজেলার তেলীপাড়া গ্রামের কৃষক খোকন মিয়াকে হত্যার অভিযোগে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ গত সোমবার এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন তেলীপাড়া গ্রামের আ. ছাত্তার ও লাল মিয়া, বাবুল মিয়া, সুরুজ মিয়া ও হাবিবুর রহমান এবং সাইফুল ইসলাম।
প্রসঙ্গত তেলীপাড়া গ্রামের খোকন মিয়ার সাথে একই গ্রামের লাল মিয়ার জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে ২০০৭ সালের ৭ আগস্ট আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খোকনকে জখম করে। হাসপাতালে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের চাচা মো. আ. জলিল বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। গত সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই রায় প্রদান করে।
