ভার্সিটি সার্টিফিকেট বিক্রির দোকান হতে পারে না

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:১৮

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা দানে সক্ষম হচ্ছে না। এসব বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। মনে রাখতে হবে, কোনো বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রির দোকান হতে পারে না। গতকাল রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সিটি ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনাজনিত দুর্বলতা রয়েছে। অনেকের ভালো গ্রন্থাগারসহ যোগ্য শিক্ষকের অভাব বিদ্যমান। ফলে শিক্ষার মান কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ জন্য আরও আন্তরিক চেষ্টা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়কে হতে হবে জ্ঞান সৃষ্টি ও জ্ঞান ধারণের একটি মূল্যবান প্রতিষ্ঠান। নিজেদের স্বার্থেই এসব বিশ্ববিদ্যালয়কে তাদের সকল সমস্যার সমাধান করে আদর্শ বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে হবে।

এবারের সমাবর্তনে মোট ৩ হাজার ৫২৫ জনকে ডিগ্রি প্রদান করা হয়। তার মধ্যে স্নাতক পর্যায়ের ৩ হাজার ৬১ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ৪৭১ জন রয়েছেন। সম্মিলিত মেধা তালিকায় সেরা তিনজনকে চ্যান্সেলর স্বর্ণপদক তুলে দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা হচ্ছেন- ইংরেজি বিভাগের ছাত্রী শিরীন শিলা, বিবিএ বিভাগের আমবারিন খান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী মোরশেদা খাতুন।

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, উপাচার্য অধ্যাপক শাহ ই আলম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন। এ ছাড়াও ট্রাস্টি বোর্ডের সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমি কাউন্সিলর, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।